অংশ ৫: আয় পরিগণনা · পঞ্চম অধ্যায়: ব্যবসা বা পেশা হইতে আয়
ধারা ৪৯ — ব্যবসা বা পেশা হইতে আয় গণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য সাধারণ বিয়োজনসমূহ
Income Tax Act, 2023 · Section 49
আইনের মূল পাঠ
৪৯। এই আইনের বিধানাবলি সাপেক্ষে, কোনো আয়বর্ষে কোনো ব্যক্তির ব্যবসা ১[বা পেশা] হইতে আয় পরিগণনার ক্ষেত্রে প্রত্যেক স্বতন্ত্র এবং ভিন্ন ব্যবসায়ের জন্য নিম্নবর্ণিত ব্যয়সমূহ সাধারণ বিয়োজনের অন্তর্ভুক্ত হইবে, যথা:-
(ক) কাঁচামাল, মজুদ, ব্যবসায়ের উদ্দেশ্যে ও ব্যবসায়ে ব্যবহারের নিমিত্ত পণ্য ক্রয় বাবদ ব্যয় এবং কোনো অবলোপিত মজুদ ব্যয়;
(খ) এই আইন ও দানকর আইন, ১৯৯০ (১৯৯০ সনের ৪৪ নং আইন) এর অধীন পরিশোধিত নহে, তবে ব্যবসার উদ্দেশ্যে পরিশোধিত এইরূপ শুল্ক-করাদি, পৌর কর, স্থানীয় কর, ভূমি উন্নয়ন কর বা খাজনা ও সরকারি ফি;
(গ) ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত ভূমি বা আঙ্গিনার জন্য পরিশোধযোগ্য ভাড়া, উন্নয়ন ও সংরক্ষণ ব্যয়;
(ঘ) এই আইনের অধীন চাকরি হইতে আয় হিসাবে পরিগণিত হয় এইরূপ সকল প্রকার ব্যয়, কল্যাণ ব্যয় বা পারিশ্রমিক;
(ঙ) মেরামত ও সংরক্ষণ ব্যয়;
(চ) ব্যবসায়ের উদ্দেশ্যে ২[ও কর্মীদের জন্য] কৃত ও পরিশোধিত বিমা প্রিমিয়াম;
(ছ) বিদ্যুৎ ও জ্বালানিসহ অন্যান্য পরিষেবা ব্যয়;
(জ) পণ্য পরিবহণ, ক্লিয়ারিং এবং ফরওয়ার্ডিং চার্জ;
(ঝ) বিক্রয় সংশ্লিষ্ট কমিশন, দালালি, ডিসকাউন্ট বা ওয়ারেন্টি চার্জ প্রকৃতির ব্যয়;
(ঞ) বিজ্ঞাপন ও প্রচারণা ব্যয়;
(ট) কর্মীদের প্রশিক্ষণ বাবদ ব্যয়;
(ঠ) বিক্রয় প্রতিনিধিদের সম্মেলন, হোটেল ও আবাসন বাবদ ব্যয়;
(ড) যাতায়াত ও ভ্রমণ বাবদ ব্যয়;
(ঢ) ইন্টারনেট সেবা, ডাক ও টেলিযোগাযোগ সংক্রান্ত ব্যয়;
(ণ) আইনি সেবা, নিরীক্ষা সেবা ও অন্যান্য পেশাদারী সেবা গ্রহণ সংক্রান্ত ব্যয়;
(ত) আপ্যায়ন ও অতিথিশালা সংক্রান্ত ব্যয়;
(থ) তৃতীয় তফসিল সাপেক্ষে, বৈদেশিক মুদ্রার নগদায়িত বিনিময় ৩[লোকসান];
(দ) কোনো ক্লাব বা বাণিজ্যিক সমিতিতে প্রবেশ ফি-সহ তাহাদের সুবিধাদির ব্যবহারের জন্য চাঁদা;
(ধ) সরকার কর্তৃক স্পন্সরকৃত কোনো ট্রেড ডেলিগেশনের সদস্য হিসাবে বিদেশে সফর সম্পর্কিত কোনো নির্বাহকৃত ব্যয়;
(ন)রয়্যালটি, কারিগরি ফি, হেড অফিস ব্যয়;
৪[(প) শ্রম আইন, ২০০৬ এর ধারা ২৩৪ এর উপ-ধারা (১) এর দফা (খ) অনুযায়ী অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০০৬ (২০০৬ সনের ২৫ নং আইন) এর ধারা ১৪ এর অধীন স্থাপিত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদেয় অর্থ যাহা প্রদর্শিত নীট ব্যবসায়িক মুনাফার ৫% (পাঁচ শতাংশ) এর অধিক নহে;]
(ফ) সম্পূর্ণ ও একান্তভাবে ব্যবসায়ের উদ্দেশ্যে নির্বাহকৃত অন্যান্য ব্যয়।
সংশোধনী টীকা
- ১২০২৬–২৭“বা পেশা” শব্দগুলি “ব্যবসা” শব্দের পর অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৪৩(খ) ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
- ২২০২৫–২৬“ও কর্মীদের জন্য” শব্দগুলি “উদ্দেশ্যে” শব্দের পর অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ৪৮ ধারাবলে সন্নিবেশিত।
- ৩২০২৬–২৭“লোকসান” শব্দ “ক্ষতি” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৪৩(গ) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
- ৪২০২৪–২৫দফা (প) অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ২৪ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।
সহজ ভাষায় বুঝুন
মেন্টরের নোট · Unidara Associates
ব্যবসা বা পেশার আয় থেকে কোন কোন সাধারণ খরচ বাদ দেওয়া যায়, তার তালিকা। মূল কথা: খরচটা পুরোপুরি ও শুধুমাত্র ব্যবসার জন্য হতে হবে।
মনে রাখুন
- কাঁচামাল, মজুদ, বিক্রির জন্য পণ্য কেনা, অবলোপিত মজুদ।
- ব্যবসার জন্য দেওয়া শুল্ক-কর, পৌরকর, ভূমি উন্নয়ন কর, সরকারি ফি। আয়কর আর দানকর এর মধ্যে পড়ে না।
- দোকান বা অফিসের ভাড়া, উন্নয়ন ও সংরক্ষণ খরচ; কর্মচারীদের বেতন-ভাতা ও কল্যাণ খরচ; মেরামত ও সংরক্ষণ।
- ব্যবসা ও কর্মীদের জন্য বিমা প্রিমিয়াম; বিদ্যুৎ, জ্বালানি; পরিবহন, ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং চার্জ।
- বিক্রির কমিশন, দালালি, ডিসকাউন্ট, ওয়ারেন্টি; বিজ্ঞাপন; কর্মী প্রশিক্ষণ; বিক্রয় প্রতিনিধিদের সম্মেলন ও হোটেল খরচ; যাতায়াত ও ভ্রমণ।
- ইন্টারনেট, ডাক ও টেলিযোগাযোগ; আইনি, অডিট ও অন্যান্য পেশাদার সেবা; আপ্যায়ন; ক্লাব বা বাণিজ্যিক সমিতির ফি।
- তৃতীয় তফসিল সাপেক্ষে বৈদেশিক মুদ্রার নগদায়িত লোকসান; সরকারি ট্রেড ডেলিগেশনে বিদেশ সফর; রয়্যালটি, কারিগরি ফি, হেড অফিস খরচ।
- শ্রম আইন অনুযায়ী শ্রমিক অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল ও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে দেওয়া টাকা, নিট মুনাফার ৫% পর্যন্ত।
- অনেক খরচের সীমা ও শর্ত আছে ধারা ৫৫ তে (যেমন নগদে বড় পরিশোধ, আপ্যায়নের সীমা)। খরচ দাবির আগে সেটাও দেখুন।
উদাহরণ: একটি দোকানের মুনাফা
- ১রিনা ফ্যাশন বছরে বিক্রি করল ৪০,০০,০০০ টাকা।
- ২পণ্য কেনা ২৬,০০,০০০; দোকান ভাড়া ৩,৬০,০০০; দুই কর্মচারীর বেতন ৩,০০,০০০; বিদ্যুৎ ৬০,০০০; বিজ্ঞাপন ৪০,০০০; ট্রেড লাইসেন্স ফি ৫,০০০ টাকা।
- ৩মোট খরচ = ৩৩,৬৫,০০০ টাকা।
- ৪ব্যবসা হইতে আয় = ৪০,০০,০০০ − ৩৩,৬৫,০০০ = ৬,৩৫,০০০ টাকা (অবচয় ও অন্য বিশেষ বিয়োজন বাদে)।
প্র্যাকটিশনারের পরামর্শ
প্রতিটি খরচের রসিদ বা ভাউচার রাখুন, আর বড় পরিশোধ ব্যাংকের মাধ্যমে করুন। ব্যক্তিগত খরচ ব্যবসার খাতায় দেখালে তা বাদ যাবে, আর জরিমানার ঝুঁকি তৈরি হয়।
সাম্প্রতিক পরিবর্তন
অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ বিমা প্রিমিয়ামের দফায় “ও কর্মীদের জন্য” যোগ করেছে। অর্থ আইন, ২০২৬ “ক্ষতি” এর জায়গায় “লোকসান” শব্দ বসিয়েছে আর অধ্যায়ে “বা পেশা” যোগ করেছে।
