অংশ ৫: আয় পরিগণনা · তৃতীয় অধ্যায়: ভাড়া হইতে আয়
ধারা ৩৫ — সংজ্ঞা
Income Tax Act, 2023 · Section 35
আইনের মূল পাঠ
৩৫। এই অধ্যায়ের উদ্দেশ্যপূরণকল্পে,—
১[(১) "গৃহসম্পত্তি” অর্থে যেকোনো গৃহসম্পত্তি, ভবন বা দালানসহ নিম্নবর্ণিত পরিসম্পদও ইহার অন্তর্ভুক্ত হইবে, যথা:-
(ক) আসবাবপত্র, ফিক্সার, ফিটিংস যাহা উক্ত গৃহের অবিচ্ছেদ্য অংশ;
(খ) গৃহসম্পত্তি যে ভূমির উপর স্থাপিত উক্ত ভূমি; এবং
(গ) কোনো স্থাপনা যাহা গুদাম হিসাবে ব্যবহৃত হয়:
তবে শর্ত থাকে যে, কোনো কারখানা ভবন প্ল্যান্ট ও মেশিনারি ভাড়া প্রদানের অবিচ্ছেদ্য অংশ হিসাবে ভাড়া প্রদান করা হইলে তাহা ইহার অন্তর্ভুক্ত হইবে না;]
(২) “ভাড়া প্রদান” অর্থ মালিকানা বা স্বত্ব ত্যাগ ব্যতিরেকে কোনো নির্দিষ্ট সময়ের জন্য সম্পত্তির ব্যবহারের অধিকার প্রদান, তবে স্বীয় মালিকানাধীন হউক বা না হউক, কোনো তফসিলি ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, কোনো উন্নয়নমূলক ফাইন্যান্স কোম্পানি অথবা মুদারাবা বা লিজিং কোম্পানি কর্তৃক অন্য কোনো ব্যক্তিকে ভাড়া প্রদান অন্তর্ভুক্ত হইবে না;
(৩) “সম্পত্তি” অর্থ গৃহসম্পত্তি, জমি, আসবাবপত্র, ফিক্সার, কারখানা ভবন, ব্যবসার আঙ্গিনা, যন্ত্রপাতি, ব্যক্তিগত যানবাহন ও মূলধনি প্রকৃতির অন্য কোনো ভৌত পরিসম্পদ, যাহা ভাড়া প্রদান করা যায় ২[;]
৩[(৪) “সেলামি বা প্রিমিয়াম” অর্থ সম্পত্তি লিজ বা ভাড়ার ক্ষেত্রে ভাড়াটিয়া কর্তৃক এককালীন প্রদত্ত অফেরতযোগ্য ও অসমন্বয়যোগ্য অর্থ বা ঋণ বা অগ্রিম বা যেকোনো অঙ্ক বা সুবিধা, তবে, ভাড়াটিয়া কর্তৃক ধারা ৩৭ এর উপ-ধারা (১) এ উল্লিখিত আ= বার্ষিক মূল্য, ই= ভাড়াটিয়া কর্তৃক পরিশোধিত যেকোনো সার্ভিস চার্জ, মেরামত ও রক্ষণাবেক্ষণ চার্জ, উহা যে নামেই অভিহিত হউক না কেন, অন্তর্ভুক্ত হইবে না।]
সংশোধনী টীকা
- ১২০২৬–২৭দফা (১) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৩৩(ক) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
- ২২০২৬–২৭“;” সেমিকোলন চিহ্ন “।” দাঁড়ি চিহ্নের পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৩৩(খ) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
- ৩২০২৬–২৭দফা (৪) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৩৩(খ) ধারাবলে সংযোজিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
সহজ ভাষায় বুঝুন
মেন্টরের নোট · Unidara Associates
ভাড়ার আয়ের অধ্যায়ে ব্যবহৃত কয়েকটি শব্দের অর্থ: গৃহসম্পত্তি, ভাড়া প্রদান, সম্পত্তি, আর সেলামি বা প্রিমিয়াম।
মনে রাখুন
- গৃহসম্পত্তি: বাড়ি, ভবন, দালান। সাথে বাড়ির অবিচ্ছেদ্য আসবাব, ফিক্সার ও ফিটিংস, যে জমির উপর বাড়ি, আর গুদাম হিসেবে ব্যবহৃত স্থাপনাও। তবে প্ল্যান্ট ও মেশিনারির সাথে একসাথে ভাড়া দেওয়া কারখানা ভবন গৃহসম্পত্তি নয়।
- ভাড়া প্রদান: মালিকানা না ছেড়ে নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করতে দেওয়া। তবে তফসিলি ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, উন্নয়নমূলক ফাইন্যান্স কোম্পানি, মুদারাবা বা লিজিং কোম্পানির ভাড়া (লিজ) এর মধ্যে পড়ে না।
- সম্পত্তি: বাড়ি, জমি, আসবাব, কারখানা ভবন, ব্যবসার জায়গা, যন্ত্রপাতি, ব্যক্তিগত যানবাহনসহ ভাড়া দেওয়া যায় এমন যেকোনো ভৌত মূলধনি সম্পদ।
- সেলামি বা প্রিমিয়াম: ভাড়াটিয়া এককালীন যে টাকা দেন যা ফেরত দিতে হয় না বা ভাড়ার সাথে সমন্বয় হয় না। তবে বার্ষিক ভাড়া আর ভাড়াটিয়ার দেওয়া সার্ভিস, মেরামত ও রক্ষণাবেক্ষণ চার্জ এর মধ্যে পড়ে না।
উদাহরণ
- ১আপনি আসবাবসহ একটি ফ্ল্যাট ভাড়া দিলেন। ফ্ল্যাট, জমির অংশ আর ফিট করা আসবাব মিলিয়ে সবই গৃহসম্পত্তি।
- ২দোকান ভাড়া দেওয়ার সময় ভাড়াটিয়া ৫ লক্ষ টাকা দিলেন যা ফেরত দিতে হবে না। এটা সেলামি।
সাম্প্রতিক পরিবর্তন
অর্থ আইন, ২০২৬ “গৃহসম্পত্তি” এর সংজ্ঞা নতুন করে লিখেছে (আসবাব, জমি ও গুদাম যোগ হয়েছে) এবং “সেলামি বা প্রিমিয়াম” এর নতুন সংজ্ঞা যোগ করেছে (১ জুলাই ২০২৬ থেকে)।
