খণ্ড ২: গঠন ও নিগমিতকরণ
ধারা ৪ — নির্দিষ্ট সংখ্যার অধিক সংখ্যক ব্যক্তি-সমন্বয়ে অংশীদারী কারবার ইত্যাদি গঠন নিষিদ্ধ
Companies Act, 1994 · Section 4
আইনের মূল পাঠ
৪৷ (১) এই আইনের অধীনে কোম্পানী হিসাবে নিবন্ধিকৃত না হইলে, অথবা অন্য কোন আইনের দ্বারা বা অধীনে গঠিত না হইলে, ব্যাংক-ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে দশের অধিক ব্যক্তি-সমন্বয়ে কোন কোম্পানী, সমিতি বা অংশীদারী কারবার (partnership) গঠন করা যাইবে না৷ (২) এই আইনের অধীনে কোম্পানী হিসাবে নিবন্ধিকৃত না হইলে, অথবা অন্য কোন আইনের দ্বারা বা অধীনে গঠিত না হইলে, বিশ জনের অধিক ব্যক্তি-সমন্বয়ে এমন কোন কোম্পানী, সমিতি বা অংশীদারী কারবার গঠন করা যাইবে না যাহার উদ্দেশ্য হইতেছে ব্যাংক-ব্যবসা ব্যতীত অন্য কোন ব্যবসা পরিচালনা করিয়া উক্ত কোম্পানী, সমিতি, কারবার বা উহার কোন সদস্যের জন্য মুনাফা অর্জন করা৷ (৩) যৌথ-পারিবারিক ব্যবসা পরিচালনাকারী যৌথ-পরিবারের ক্ষেত্রে এই ধারার বিধান প্রযোজ্য হইবে না : তবে শর্ত থাকে যে, দুই বা ততোধিক যৌথ-পরিবার মিলিয়া কোন অংশীদারী কারবার, সমিতি বা কোম্পানী গঠন করিলে উহাদের ক্ষেত্রে এই ধারার অন্যান্য উপ-ধারার বিধান প্রযোজ্য হইবে; এবং এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, উক্ত পরিবারসমূহের সদস্যগণের সংখ্যা গণনা করার সময় অপ্রাপ্তবয়স্ক সদস্যগণকে বাদ দিতে হইবে৷ (৪) কোন কোম্পানী, সমিতি বা অংশীদারী কারবার এই ধারার বিধান লংঘন করিয়া ব্যবসা পরিচালনা করিলে, উহার প্রত্যেক সদস্য উক্ত ব্যবসা হইতে উদ্ভূত দায়-দেনার জন্য ব্যক্তিগতভাবে দায়ী থাকিবেন৷ (৫) এই ধারার বিধান অমান্য করিয়া গঠিত কোন কোম্পানী, সমিতি বা অংশীদারী কারবারের প্রত্যেক সদস্য অনধিক পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন৷
সহজ ভাষায় বুঝুন
মেন্টরের নোট · Unidara Associates
কোম্পানি হিসেবে নিবন্ধিত না হলে (বা অন্য আইনে গঠিত না হলে) ব্যাংক ব্যবসায় ১০ জনের বেশি এবং অন্য মুনাফার ব্যবসায় ২০ জনের বেশি ব্যক্তি মিলে অংশীদারি কারবার বা সমিতি গঠন করা যায় না।
ধাপে ধাপে বুঝি
- ১উপ-ধারা (১) ও (২): সীমা — ব্যাংক ব্যবসায় ১০, অন্য ব্যবসায় ২০ জন।
- ২উপ-ধারা (৩): যৌথ-পারিবারিক ব্যবসায় প্রযোজ্য নয়। তবে দুই বা বেশি পরিবার মিলে কারবার করলে প্রযোজ্য, আর গণনায় অপ্রাপ্তবয়স্ক সদস্য বাদ।
- ৩উপ-ধারা (৪) ও (৫): লঙ্ঘন করলে প্রত্যেক সদস্য ব্যবসার দায়-দেনার জন্য ব্যক্তিগতভাবে দায়ী, আর প্রত্যেকে অনধিক ৫,০০০ টাকা অর্থদণ্ড।
মনে রাখুন
- ব্যাংক ব্যবসা: সর্বোচ্চ ১০ জন।
- অন্য ব্যবসা: সর্বোচ্চ ২০ জন।
- বেশি হলে কোম্পানি হিসেবে নিবন্ধন করতে হবে।
উদাহরণ
- ১২৫ জন বন্ধু মিলে একটি পরিবহন ব্যবসা শুরু করতে চান অংশীদারি কারবার হিসেবে। ২০ জনের বেশি হওয়ায় তা চলবে না; প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধন করতে হবে (প্রাইভেট কোম্পানিতে ৫০ জন পর্যন্ত সদস্য সম্ভব)।
প্র্যাকটিশনারের পরামর্শ
অংশীদারি ফার্ম বড় হতে থাকলে সদস্য সংখ্যা ২০ ছোঁয়ার আগেই কোম্পানিতে রূপান্তরের পরিকল্পনা করুন; নইলে সব অংশীদার ব্যক্তিগতভাবে পুরো দায়ের ঝুঁকিতে পড়েন।
