খণ্ড ২: গঠন ও নিগমিতকরণ · সংঘস্মারক
ধারা ১০ — সংঘস্মারক পরিবর্তনের ক্ষেত্রে বাধা-নিষেধ
Companies Act, 1994 · Section 10
আইনের মূল পাঠ
১০৷ (১) এই আইনে স্পষ্ট বিধান করা হইয়াছে এইরূপ ক্ষেত্র ও পদ্ধতি ব্যতিরেকে এবং উক্ত বিধানে অনুমোদিত সীমার অতিরিক্ত কোন পরিবর্তন সংঘস্মারকে বিধৃত শর্তাবলীতে করা যাইবে না৷ (২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, এই আইনের অন্য কোন নির্দিষ্ট বিধান অনুযায়ী যে সকল বিধি-বিধান কোম্পানীর সংঘস্মারকে উল্লেখ করিতে হইবে কেবলমাত্র সেইগুলি সংঘস্মারকে বিধৃত শর্তাবলী বলিয়া গণ্য হইবে৷ (৩) ব্যবস্থাপনা পরিচালক, ম্যানেজিং এজেন্ট বা ম্যানেজারের নিয়োগ সংক্রান্ত বিধানসহ সংঘস্মারকের অন্যান্য বিধান কোম্পানীর সংঘবিধির ন্যায় একই পদ্ধতিতে পরিবর্তন করা যাইবে; কিন্তু সংঘস্মারকের বিধানসমূহ অন্য কোনভাবে পরিবর্তনের জন্য যদি এই আইনে সুস্পষ্ট কোন বিধান থাকে, তবে সংঘস্মারকের বিধানগুলি সেই প্রকারেও পরিবর্তন করা যাইবে৷ (৪) এই আইনের কোন বিধানে সংঘবিধির কোন উল্লেখ থাকিলে, উক্ত বিধানে উপ-ধারা (৩) এ উল্লেখিত সংঘস্মারকের অন্যান্য বিধানসমূহও উল্লেখিত হইয়াছে মর্মে উক্ত বিধানের ব্যাখ্যা করিতে হইবে৷
সহজ ভাষায় বুঝুন
মেন্টরের নোট · Unidara Associates
আইন যেখানে ও যতটুকু অনুমতি দেয়, তার বাইরে সংঘস্মারকের শর্ত বদলানো যায় না। তবে আইনে বাধ্যতামূলক নয় এমন অন্যান্য বিধান (যেমন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ) সংঘবিধির মতো বিশেষ সিদ্ধান্তে বদলানো যায়।
ধাপে ধাপে বুঝি
- ১উপ-ধারা (২): আইন যে বিষয়গুলো সংঘস্মারকে লিখতে বলে (নাম, উদ্দেশ্য, দায়, মূলধন ইত্যাদি) কেবল সেগুলোই “সংঘস্মারকের শর্ত”।
- ২উপ-ধারা (৩): বাকি বিধানগুলো সংঘবিধির মতো পরিবর্তনযোগ্য।
মনে রাখুন
- মূল শর্ত বদলাতে নির্দিষ্ট ধারা মানতে হবে: নাম (১১), উদ্দেশ্য (১২), মূলধন (৫৩)।
