Skip to content

অংশ ২০: রিভিশন, আপিল ও রেফারেন্স · দ্বিতীয় অধ্যায়: আপিল এবং রেফারেন্স

ধারা ২৯২ — আপিল ট্রাইব্যুনাল কর্তৃক আপিল নিষ্পত্তি

Income Tax Act, 2023 · Section 292

আইনের মূল পাঠ

২৯২। ১[(১) আপিল ট্রাইব্যুনাল আপিল মামলার উভয় পক্ষকে শুনানির সুযোগ প্রদানের পর আপিলটি নিষ্পত্তির ক্ষেত্রে আপিলের বিষয়বস্তু, তৎসম্পর্কিত সিদ্ধান্ত ও সিদ্ধান্তের সমর্থনে যথাযথ কারণসমূহ উল্লেখপূর্বক আদেশ প্রদান করিবেন এবং ধারা ৩৩৫ এর উপ-ধারা (৪) এর প্রযোজ্যতা নিশ্চিতপূর্বক সেট-এসাইড (set aside) আদেশ প্রদান করিবেন।]

(২) কোনো আপিল নিষ্পত্তির প্রাক্কালে আপিল ট্রাইব্যুনাল আপিল সংক্রান্ত যেকোনো তথ্য তলব করিতে পারিবে অথবা উপকর কমিশনার কর্তৃক এতদ্বিষয়ে অধিকতর তদন্তের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।

(৩) যেইক্ষেত্রে আপিল মামলার কারণে কোনো ফার্ম বা ব্যক্তিসংঘের কর নির্ধারণী আদেশে কোনো পরিবর্তন আনীত হয়, অথবা ফার্ম বা ব্যক্তিসংঘের কর নির্ধারণী আদেশ নূতনভাবে করিতে হয়, সেইক্ষেত্রে ২[আপিল ট্রাইব্যুনাল, ফার্মের অংশীদার বা ব্যক্তিসংঘের সদস্যদের আয়কর নির্ধারণীতে সেই অনুযায়ী সংশোধনী আনয়নের জন্য সংশ্লিষ্ট উপকর কমিশনারকে নির্দেশ প্রদানপূর্বক আদেশ জারি করিবে]।

(৪) কোনো আপিল মামলা নিষ্পত্তির ক্ষেত্রে আপিল ট্রাইব্যুনাল তৎকর্তৃক জারীকৃত আদেশ প্রদানের ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উক্ত আদেশটি ৩[আপিলকারী, উপকর কমিশনার এবং কর কমিশনারকে প্রেরণ] করিবেন।

(৫) এই অধ্যায়ে বর্ণিত ৪[অন্যান্য বিধান ক্ষুণ্ণ না করিয়া] আপিল ট্রাইব্যুনাল কর্তৃক কোনো আপিলের বিষয়ে প্রদত্ত আদেশ চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।

(৬) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোনো করদাতা কর্তৃক আপিল ট্রাইব্যুনালে আপিল আবেদন দাখিল করা হইলে, যে মাসে উহা দাখিল করা হইয়াছে, তৎপরবর্তী ১৮০ (একশত আশি) দিন অতিবাহিত হইবার পূর্বে আপিল ট্রাইব্যুনাল উক্ত আপিলের উপর কোনো আদেশ প্রদানে ব্যর্থ হইলে, আপিলটি অনুমোদিত ৫[ও তদনুযায়ী নিষ্পত্তিকৃত মর্মে গণ্য] হইবে এবং যেইক্ষেত্রে ২ (দুই) সদস্য বিশিষ্ট আপিল ট্রাইব্যুনাল মামলা শুনানি করেন এবং সিদ্ধান্তের ক্ষেত্রে দ্বিমত পোষণের কারণে একজন অতিরিক্ত সদস্য নিয়োগ করা হইলে, উক্ত মেয়াদ হইবে যেই মাসে আপিল দাখিল করা হইয়াছে, তৎপরবর্তী ২৪০ (দুইশত চল্লিশ) দিন।

৬[(৭) যেক্ষেত্রে, আপিলকারীর নিকট প্রতীয়মান হয় যে, আপিল ট্রাইবুনাল কর্তৃক আপিল নিষ্পত্তিকালে উপ-ধারা (১) এর বিধান পরিপালন হয় নাই সেইক্ষেত্রে, তিনি এই আইনের ধারা ৩৩০ অনুযায়ী ত্রুটি সংশোধনের আবেদন করিতে পারিবেন।]

সংশোধনী টীকা

  1. ১২০২৬–২৭উপ-ধারা (১) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৪৪(ক) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
  2. ২২০২৬–২৭“আপিল ট্রাইব্যুনাল, ফার্মের অংশীদার বা ব্যক্তিসংঘের সদস্যদের আয়কর নির্ধারণীতে সেই অনুযায়ী সংশোধনী আনয়নের জন্য সংশ্লিষ্ট উপকর কমিশনারকে নির্দেশ প্রদানপূর্বক আদেশ জারি করিবে” শব্দগুলি ও কমা “আপিল ট্রাইব্যুনাল কর্তৃক আনীত উক্ত পরিবর্তন মোতাবেক উপকর কমিশনারকে উক্ত ফার্মের অংশীদার বা ব্যক্তিসংঘের সংশ্লিষ্ট কর নির্ধারণী সংশোধনের নির্দেশ প্রদান করিবে” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৪৪(খ) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
  3. ৩২০২৬–২৭“আপিলকারী, উপকর কমিশনার এবং কর কমিশনারকে প্রেরণ” শব্দগুলি ও কমা “আপিলকারীকে এবং কমিশনারকে অবহিত” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৪৪(গ) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
  4. ৪২০২৫–২৬“অন্যান্য বিধান ক্ষুণ্ণ না করিয়া” শব্দগুলি “ক্ষেত্র ব্যতীত” শব্দগুলির পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১২৪ ধারাবলে প্রতিস্থাপিত।
  5. ৫২০২৬–২৭“ও তদনুযায়ী নিষ্পত্তিকৃত মর্মে গণ্য” শব্দগুলি “হইয়াছে মর্মে গণ্য করা” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৪৪(ঘ) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
  6. ৬২০২৬–২৭উপ-ধারা (৭) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৪৪(ঙ) ধারাবলে সংযোজিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

সহজ ভাষায় বুঝুন

মেন্টরের নোট · Unidara Associates

ট্রাইব্যুনাল উভয় পক্ষের শুনানির পর কারণসহ আদেশ দেবে; আদেশ চূড়ান্ত (হাইকোর্টে আইনি প্রশ্নে রেফারেন্স ছাড়া)। আপিল দায়েরের মাসের পর ১৮০ দিনে আদেশ না হলে আপিল মঞ্জুর গণ্য; তৃতীয় সদস্য লাগলে ২৪০ দিন।

ধাপে ধাপে বুঝি

  1. ১উপ-ধারা (১): শুনানির পর বিষয়বস্তু, সিদ্ধান্ত ও কারণসহ আদেশ; set-aside করার আগে ধারা ৩৩৫(৪) এর প্রযোজ্যতা নিশ্চিত করতে হবে।
  2. ২উপ-ধারা (২) ও (৩): তথ্য তলব বা অধিকতর তদন্ত; ফার্ম বা সংঘের পরিবর্তনে অংশীদারদের কর নির্ধারণ সংশোধনের নির্দেশ।
  3. ৩উপ-ধারা (৪) ও (৫): ৩০ দিনে আদেশের কপি আপিলকারী, উপকর কমিশনার ও কর কমিশনারকে; আদেশ চূড়ান্ত, এই অধ্যায়ের অন্য বিধান ক্ষুণ্ন না করে।
  4. ৪উপ-ধারা (৬): করদাতার আপিলে দাখিলের মাসের পর ১৮০ দিনে আদেশ না হলে আপিল মঞ্জুর ও নিষ্পত্তিকৃত গণ্য; দুই সদস্যের বেঞ্চে দ্বিমতে তৃতীয় সদস্য লাগলে ২৪০ দিন।
  5. ৫উপ-ধারা (৭): (১) পালন না হলে ধারা ৩৩০ এ ত্রুটি সংশোধনের আবেদন।

মনে রাখুন

  • কারণসহ আদেশ বাধ্যতামূলক।
  • ১৮০ দিন (বা ২৪০) পেরোলে করদাতার আপিল মঞ্জুর গণ্য।
  • আদেশ চূড়ান্ত।

উদাহরণ

  1. ১একজন করদাতা মার্চে ট্রাইব্যুনালে আপিল করলেন। ৩১ মার্চ থেকে ১৮০ দিন, অর্থাৎ সেপ্টেম্বরের শেষ দিকে পর্যন্ত আদেশ না হলে আপিল মঞ্জুর গণ্য।

প্র্যাকটিশনারের পরামর্শ

১৮০ দিনের “গণ্য মঞ্জুর” সুবিধা শুধু করদাতার আপিলে লেখা; কর বিভাগের আপিলে নয়।

সাম্প্রতিক পরিবর্তন

অর্থ আইন, ২০২৬: উপ-ধারা (১) প্রতিস্থাপিত, (৩), (৪), (৬) এ শব্দ পরিবর্তন, আর (৭) যোগ। অর্থ (২০২৫–২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬: (৫) এ “অন্যান্য বিধান ক্ষুণ্ণ না করিয়া”।

বিশেষজ্ঞ বিশ্লেষণ

নীতি, প্রশাসন, আইন ও হিসাব, চার দিক থেকে

করবর্ষ ২০২৬–২৭ অনুযায়ী

নীতিগত উদ্দেশ্য: আইনটা কেন এমন

ট্রাইব্যুনালকে চূড়ান্ত তথ্যগত ফোরাম রাখা আর সময়সীমা দিয়ে নিশ্চয়তা দেওয়া।

আয়কর আইনজীবীর দৃষ্টিতে

১৮০ দিনের গণ্য মঞ্জুর শুধু “করদাতা কর্তৃক” আপিলে। দুই সদস্যের দ্বিমতে ২৪০ দিন। ট্রাইব্যুনালের আদেশ ঘটনাগত বিষয়ে চূড়ান্ত; আইনি প্রশ্নে রেফারেন্স (ধারা ২৯৩) খোলা।

এই বিশ্লেষণ Unidara Associates এর শিক্ষামূলক ব্যাখ্যা, NBR এর দাপ্তরিক মত নয়। আপনার নির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্তের আগে পরামর্শ নিন।

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.