Skip to content

অংশ ১৮: করদাতা নিবন্ধন

ধারা ২৬৪ — রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা

Income Tax Act, 2023 · Section 264

আইনের মূল পাঠ

২৬৪। (১) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, উপ-ধারা (৩) এ উল্লিখিত ক্ষেত্রসমূহে একজন ব্যক্তিকে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করিতে হইবে।

(২) “রিটার্ন দাখিলের প্রমাণ” বলিতে বুঝাইবে-

(ক) রিটার্ন দাখিলের প্রত্যয়ন বা প্রাপ্তি স্বীকার পত্র;

(খ) করদাতার নাম, টিআইএন এবং করবর্ষ সংবলিত সিস্টেম জেনারেটেড সার্টিফিকেট; বা

(গ) করদাতার নাম, টিআইএন এবং করবর্ষ সংবলিত উপকর কমিশনার কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়ন।

১[(৩) নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে “রিটার্ন দাখিলের প্রমাণ” দাখিল করিতে হইবে, যথা:-

১। ২০ (বিশ) লক্ষাধিক টাকার ঋণ গ্রহণে;

২। কোনো ২[নিবাসী করদাতা কর্তৃক কোনো] কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হইতে হইলে;

৩। আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ গ্রহণ অথবা নবায়ন করিতে;

৪। সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়ন করিতে;

৫। সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার লাইসেন্স নবায়ন করিতে;

৬। সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমমোক্তারনামা নিবন্ধন করিতে;

৭। চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি, আইনজীবী ও কর আইনজীবী, একচুয়ারি, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার হিসাবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ নবায়ন করিতে;

৮। Muslim Marriages and Divorces (Registration) Act, 1974 (Act No. LII of 1974) এর অধীন নিকাহ্‌ রেজিস্ট্রার, হিন্দু বিবাহ নিবন্ধন আইন, ২০১২ (২০১২ সনের ৪০ নং আইন) এর অধীন হিন্দু বিবাহ নিবন্ধক ও Special Marriage Act, 1872 (Act No. III of 1872) এর অধীন রেজিস্ট্রার হিসাবে লাইসেন্স প্রাপ্তি অথবা নবায়ন করিতে;

৯। ট্রেডবডি বা কোনো বাণিজ্যিক সংগঠনের সদস্যপদ প্রাপ্তি অথবা নবায়ন করিতে;

১০। স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্টিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসাবে লাইসেন্স নবায়নে;

১১। ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স, কাস্টমস এজেন্ট লাইসেন্স, ফ্রেইট ফরওয়ার্ডিং লাইসেন্স ও বায়িং হাউজ নিবন্ধন গ্রহণ ও নবায়নে;

১২। যেকোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখিতে;

১৩। সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তিতে;

১৪। সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তিতে;

১৫। লঞ্চ, স্টিমার, মাছ ধরার ট্রলার, কার্গো, কোস্টার, ডাম্ব-বার্জসহ যেকোনো প্রকারের ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট গ্রহণ ও নবায়নে;

১৬। পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় হইতে ইট উৎপাদনের অনুমতি গ্রহণ ও নবায়নে;

১৭। সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তিতে;

১৮। কোম্পানির এজেন্সী বা ডিস্ট্রিবিউটরশিপ গ্রহণে ও নবায়নে;

১৯। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স গ্রহণে ও নবায়নে;

২০। আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলায়;

২১। ১০ (দশ) লক্ষাধিক টাকার মেয়াদী আমানত খোলায় ও বহাল রাখিতে;

২২। ১০ (দশ) লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র ক্রয়ে;

২৩। ৩[ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে, এবং] পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে;

২৪। ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধানকারী পদমর্যাদায় কর্মরত ব্যক্তির বেতন-ভাতাদি প্রাপ্তিতে;

২৫। দশম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার গণকর্মচারীর বেতন-ভাতাদি প্রাপ্তিতে;

২৬। স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্যান্য করদাতাদের ক্ষেত্রে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং বা ইলেক্ট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন, ফি বা অন্য কোনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে;

২৭। কোনো নিবাসী করদাতা কর্তৃক অ্যাডভাইজরি বা কনসালটেন্সি সার্ভিস, ক্যাটারিং সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস, জনবল সরবরাহ, নিরাপত্তা সেবা সরবরাহ বাবদ কোনো কোম্পানি হইতে অর্থ প্রাপ্তিতে;

২৮। বিমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট গ্রহণ ও নবায়নে;

২৯। দ্বি-চক্র বা ত্রি-চক্র মোটরযান ব্যতীত অনান্য মোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে;

৩০। এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত এনজিও বা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি হইতে লাইসেন্সপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ সংস্থার অনুকূলে বিদেশি অনুদানের অর্থ ছাড় করিতে;

৩১। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করিয়া ই-কমার্স ব্যবসার ক্ষেত্রে লাইসেন্সিং অথরিটির কাছ থেকে লাইসেন্স নবায়নে;

৩২। কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এবং Societies Registration Act. 1860 (Act No. XXI of 1860) এর অধীন নিবন্ধিত কোনো ক্লাবের সদস্যপদ গ্রহণ ও নবায়নে;

৩৩। কোনো নিবাসী করদাতা কর্তৃক পণ্য সরবরাহ, চুক্তি সম্পাদন বা সেবা সরবরাহের উদ্দ্যেশ্যে টেন্ডার ডকুমেন্টস্ দাখিলকালে;

৩৪। পণ্য আমদানি বা রপ্তানির উদ্দ্যেশ্যে বিল অব এন্ট্রি দাখিলকালে;

৩৫। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ), গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বা, সময় সময়, সরকার কর্তৃক গঠিত অনুরূপ কর্তৃপক্ষ অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভার অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুমোদনের নিমিত্ত ভবন নির্মাণের নকশা দাখিলকালে;

৩৬। এই আইনের ধারা ১৪০ এ সংজ্ঞায়িত কোনো নির্দিষ্ট ব্যক্তির নিকট সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ প্রদানকালে;

৩৭। এই আইনের ধারা ১৪০ এ সংজ্ঞায়িত কোনো নির্দিষ্ট ব্যক্তির নিকট পণ্য বা সেবা সরবরাহকালে;

৩৮। হোটেল, রেস্টুরেন্ট, মোটেল, কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসমূহের লাইসেন্স গ্রহণ ও নবায়নে;

৩৯। সামাজিক অনুষ্ঠান, কর্পোরেট প্রোগ্রাম, ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণসহ সমজাতীয় যেকোনো অনুষ্ঠান আয়োজনের জন্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত কমিউনিটি সেন্টার, কনভেনশন হল বা সমজাতীয় কোনো প্রতিষ্ঠান হইতে ভাড়া বা অন্য যেকোনো সেবা গ্রহণকালে;

তবে নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে “রিটার্ন দাখিলের প্রমাণ” দাখিলের পরিবর্তে নাম ও টিআইএন সংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র দাখিল করিতে হইবে, যথা:-

১। সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় নতুন ট্রেড লাইসেন্স গ্রহণে;

২। সমবায় সমিতির নিবন্ধন পাইতে;

৩। সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার এর নতুন লাইসেন্স গ্রহণে;

৪। ক্রেডিট কার্ড গ্রহণ ও নবায়নে;

৫। চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি, আইনজীবী ও কর আইনজীবী, একচুয়ারি, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার হিসাবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ গ্রহণে;

৬। ৫ (পাঁচ) লক্ষাধিক টাকার পোস্ট অফিস সঞ্চয়ী হিসাব খোলায়;

৭। Monthly Payment Order বা এমপিও ভুক্তির মাধ্যমে সরকারের নিকট হইতে দশম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার কর্মচারীর কোনো অর্থপ্রাপ্তিতে;

৮। স্বাভাবিক ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং বা ইলেক্ট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন, ফি বা অন্য কোনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে;

৯। স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্টিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসাবে লাইসেন্স নিবন্ধন ও তালিকাভুক্তিতে;

৪[১০। ত্রি-চক্র মোটরযান, ১৫০ সিসি বা তদূর্ধ্ব সিসির মোটরসাইকেল এর নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে;]

১১। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করিয়া ই-কমার্স ব্যবসার ক্ষেত্রে লাইসেন্সিং অথরিটির কাছ থেকে লাইসেন্স গ্রহণে;

১২। স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্য যেকোনো ব্যক্তি কর্তৃক কোনো আইন বা আইনি ক্ষমতা রহিয়াছে এইরূপ কোনো দলিলের অধীন নিগমিত, নিবন্ধিত বা গঠিত হইবার বৎসর বা পরের বৎসরে:

তবে শর্ত থাকে যে, ধারা ১৬৬ এর উপ-ধারা (২) অনুযায়ী রিটার্ন দাখিল বাধ্যতামূলক নহে এইরূপ ব্যক্তির ক্ষেত্রে এই উপ-ধারার বিধান প্রযোজ্য হইবে না।]

৫[৪০। ধারা ১৬৬ এর উপ-ধারা (২) এর ব্যতিক্রম সাপেক্ষে রিটার্ন দাখিলে বাধ্যবাধকতা রহিয়াছে এইরূপ শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন নবায়নকালে;]

(৪) বোর্ড, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, কোনো ব্যক্তিকে রিটার্ন দাখিলের প্রমাণ ৬[বা নাম ও টিআইএন সংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র] দাখিল করা হইতে অব্যাহতি দিতে পারিবে।

(৫) যেইসকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ ৭[বা নাম ও টিআইএন সংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র] দাখিল বাধ্যতামূলক সেইসকল ক্ষেত্রে কোনো নমিনেশন, মনোনয়ন বা আবেদন যাচাই-বাচাই, কোনো লাইসেন্স অনুমোদন, সার্টিফিকেট, সদস্যপদ, অনুমতি, ভর্তি, এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপের অনুমোদন, ঋণ অনুমোদন, ক্রেডিট কার্ড ইস্যু, সংযোগ বা অপারেশন অনুমোদন, নিবন্ধন সম্পাদন বা পেমেন্টের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রিটার্ন দাখিলের প্রমাণ ৮[বা নাম ও টিআইএন সংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র] দাখিল ব্যতীত কোনো প্রকার যাচাই-বাচাই, অনুমোদন, অনুমতি, মঞ্জুর, ইস্যু, ছাড়, সম্পাদন বা পেমেন্ট প্রদান হইতে বিরত থাকিবেন।

৯[***]

(৭) যেইসকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ ১০[বা নাম ও টিআইএন সংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র] দাখিল বাধ্যতামূলক সেইসকল ক্ষেত্রে কোনো নমিনেশন, মনোনয়ন বা আবেদন যাচাই-বাচাই, কোনো লাইসেন্স অনুমোদন, সার্টিফিকেট, সদস্যপদ, অনুমতি, ভর্তি, এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপের অনুমোদন, ঋণ অনুমোদন, ক্রেডিট কার্ড ইস্যু, সংযোগ বা অপারেশন অনুমোদন, নিবন্ধন সম্পাদন বা পেমেন্টের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রিটার্ন দাখিলের প্রমাণ ১১[বা নাম ও টিআইএন সংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র] দাখিল নিশ্চিত করিবেন ১২[, যাহার ব্যর্থতায়] উক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে উপকর কমিশনার অনধিক ১০ (দশ) লক্ষ টাকার জরিমানা আরোপ করিতে পারিবেন।

(৮) যুক্তিসঙ্গত শুনানির সুযোগ প্রদান ব্যতিরেকে এই ধারার অধীন জরিমানা আরোপ করা যাইবে না।

১৩[***]

সংশোধনী টীকা

  1. ১২০২৫–২৬উপ-ধারা (৩) অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১২২(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  2. ২২০২৬–২৭“নিবাসী করদাতা কর্তৃক কোনো” শব্দগুলি “কোম্পানির” শব্দের পূর্বে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৩৮(ক) ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
  3. ৩২০২৬–২৭“ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে, এবং” চিহ্ন, শব্দগুলি ও কমা “পৌরসভা” শব্দের পূর্বে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৩৮(খ) ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
  4. ৪২০২৬–২৭শর্তাংশে দফা (১০) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৩৮(ঘ) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
  5. ৫২০২৬–২৭দফা (৪০) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৩৮(গ) ধারাবলে সংযোজিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
  6. ৬২০২৫–২৬“বা নাম ও টিআইএন সংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র” শব্দগুলি “প্রমাণ” শব্দের পর অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১২২(খ) ধারাবলে সন্নিবেশিত।
  7. ৭২০২৫–২৬“বা নাম ও টিআইএন সংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র” শব্দগুলি “প্রমাণ” শব্দের পর অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১২২(গ) ধারাবলে সন্নিবেশিত।
  8. ৮২০২৫–২৬“বা নাম ও টিআইএন সংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র” শব্দগুলি “প্রমাণ” শব্দের পর অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১২২(গ) ধারাবলে সন্নিবেশিত।
  9. ৯২০২৫–২৬উপ-ধারা (৬) অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১২২(ঘ) ধারাবলে বিলুপ্ত।
  10. ১০২০২৫–২৬“বা নাম ও টিআইএন সংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র” শব্দগুলি “প্রমাণ” শব্দের পর অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১২২(ঙ)(অ) ধারাবলে সন্নিবেশিত।
  11. ১১২০২৫–২৬“বা নাম ও টিআইএন সংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র” শব্দগুলি “প্রমাণ” শব্দের পর অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১২২(ঙ)(অ) ধারাবলে সন্নিবেশিত।
  12. ১২২০২৫–২৬“, যাহার ব্যর্থতায়” চিহ্ন ও শব্দগুলি “এবং দাখিলকৃত রিটার্ন দাখিলের প্রমাণাদির সত্যতা যাচাইয়ে ব্যর্থ হইলে” শব্দগুলির পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১২২(ঙ)(আ) ধারাবলে সন্নিবেশিত।
  13. ১৩২০২৫–২৬উপ-ধারা (৯) অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১২২(চ) ধারাবলে বিলুপ্ত।

সহজ ভাষায় বুঝুন

মেন্টরের নোট · Unidara Associates

নির্দিষ্ট ৪০টি কাজে (যেমন ২০ লক্ষ টাকার বেশি ঋণ, ট্রেড লাইসেন্স নবায়ন, জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রেশন, ১০ লক্ষ টাকার বেশি সঞ্চয়পত্র বা FDR, গাড়ির নিবন্ধন, টেন্ডার, নির্বাচনে প্রার্থী) “রিটার্ন দাখিলের প্রমাণ” (PSR) দেখাতে হবে। আরও ১২টি কাজে (যেমন নতুন ট্রেড লাইসেন্স, ক্রেডিট কার্ড, ৫ লক্ষ টাকার বেশি পোস্ট অফিস সঞ্চয়) শুধু নাম ও TIN সহ সিস্টেম জেনারেটেড সনদ যথেষ্ট। প্রমাণ না নিয়ে কাজ করলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা।

ধাপে ধাপে বুঝি

  1. ১উপ-ধারা (২), “রিটার্ন দাখিলের প্রমাণ” মানে: (ক) রিটার্ন দাখিলের প্রত্যয়ন বা প্রাপ্তি স্বীকারপত্র; (খ) নাম, TIN ও করবর্ষসহ সিস্টেম জেনারেটেড সার্টিফিকেট; বা (গ) নাম, TIN ও করবর্ষসহ উপকর কমিশনারের প্রত্যয়ন।
  2. ২উপ-ধারা (৩), PSR লাগবে এমন প্রধান ক্ষেত্র: ২০ লক্ষ টাকার বেশি ঋণ; নিবাসী করদাতার কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হওয়া; আমদানি বা রপ্তানি নিবন্ধন সনদ; সিটি কর্পোরেশন বা পৌরসভায় ট্রেড লাইসেন্স নবায়ন; সিটি, পৌরসভা ও ক্যান্টনমেন্ট এলাকায় জমি, ভবন বা অ্যাপার্টমেন্ট বিক্রয়, লিজ, হস্তান্তর, বায়নানামা বা আমমোক্তারনামা নিবন্ধন; পেশাজীবী সংস্থার সদস্যপদ নবায়ন; ট্রেডবডির সদস্যপদ; বিভিন্ন লাইসেন্স (ড্রাগ, ফায়ার, পরিবেশ, BSTI, বন্ডেড ওয়্যারহাউস, কাস্টমস এজেন্ট ইত্যাদি)।
  3. ৩আরও: বাণিজ্যিক বা শিল্প গ্যাস সংযোগ; সিটি কর্পোরেশনে আবাসিক গ্যাস; সিটি বা ক্যান্টনমেন্টে বিদ্যুৎ সংযোগ; ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি (সিটি, জেলা সদর বা পৌরসভা); আগ্নেয়াস্ত্র লাইসেন্স; আমদানির ঋণপত্র (LC); ১০ লক্ষ টাকার বেশি মেয়াদী আমানত খোলা ও বহাল রাখা; ১০ লক্ষ টাকার বেশি সঞ্চয়পত্র; নির্বাচনে অংশগ্রহণ; তত্ত্বাবধায়ক পদের বেতন; দশম গ্রেড বা তদূর্ধ্ব সরকারি কর্মচারীর বেতন; দুই বা তিন চাকার বাইরে মোটরযানের নিবন্ধন, মালিকানা বদল বা ফিটনেস; টেন্ডার দাখিল; বিল অব এন্ট্রি; ভবনের নকশা অনুমোদন; হোটেল, রেস্টুরেন্ট, হাসপাতাল বা ক্লিনিকের লাইসেন্স; সিটি কর্পোরেশনে কমিউনিটি সেন্টার বা কনভেনশন হল ভাড়া, ইত্যাদি।
  4. ৪শর্তাংশ, শুধু নাম ও TIN সহ সিস্টেম জেনারেটেড সনদ লাগবে: নতুন ট্রেড লাইসেন্স; সমবায় সমিতির নিবন্ধন; সার্ভেয়ারের নতুন লাইসেন্স; ক্রেডিট কার্ড; পেশাজীবী সংস্থার নতুন সদস্যপদ; ৫ লক্ষ টাকার বেশি পোস্ট অফিস সঞ্চয়ী হিসাব; MPO ভুক্ত দশম গ্রেড বা তদূর্ধ্ব; স্বাভাবিক ব্যক্তির MFS কমিশন; দলিল লেখক বা ভেন্ডরের নতুন লাইসেন্স; তিন চাকার যান ও ১৫০ সিসি বা তদূর্ধ্ব মোটরসাইকেল; ই-কমার্সের নতুন লাইসেন্স; নতুন গঠিত প্রতিষ্ঠানের গঠনের বছর বা পরের বছর।
  5. ৫শর্ত: ধারা ১৬৬(২) অনুযায়ী যাদের রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়, তাদের ক্ষেত্রে উপ-ধারা (৩) প্রযোজ্য নয়।
  6. ৬উপ-ধারা (৪)–(৮): NBR কাউকে অব্যাহতি দিতে পারে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি PSR বা সনদ ছাড়া কোনো অনুমোদন, নিবন্ধন বা পেমেন্ট দেবেন না; ব্যর্থ হলে উপকর কমিশনার শুনানির পর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করতে পারেন।

মনে রাখুন

  • ৪০টি কাজে PSR বাধ্যতামূলক।
  • ১২টি কাজে নাম ও TIN সহ সিস্টেম জেনারেটেড সনদই যথেষ্ট।
  • যাদের রিটার্ন বাধ্যতামূলক নয় (ধারা ১৬৬(২)), তাদের জন্য প্রযোজ্য নয়।
  • PSR ছাড়া কাজ করলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা।

উদাহরণ ১: ফ্ল্যাট কেনা ও ঋণ

  1. ১সুমি ঢাকায় একটি ফ্ল্যাট কিনছেন আর ব্যাংক থেকে ৩৫ লক্ষ টাকা গৃহঋণ নিচ্ছেন।
  2. ২ঋণ ২০ লক্ষ টাকার বেশি (দফা ১), আর সিটি কর্পোরেশন এলাকায় ফ্ল্যাট রেজিস্ট্রেশন (দফা ৬), তাই দুই জায়গাতেই তাকে PSR দেখাতে হবে।

উদাহরণ ২: নতুন ব্যবসা

  1. ১নতুন ব্যবসার জন্য সিটি কর্পোরেশনে প্রথমবার ট্রেড লাইসেন্স নিতে শুধু নাম ও TIN সহ সিস্টেম জেনারেটেড সনদ লাগবে (শর্তাংশ দফা ১)।
  2. ২পরের বছর নবায়নের সময় PSR লাগবে (দফা ৪); তাই প্রথম বছরেই রিটার্ন দেওয়ার প্রস্তুতি রাখুন।

প্র্যাকটিশনারের পরামর্শ

প্রতি বছর রিটার্ন জমার পর PSR বা প্রাপ্তি স্বীকারপত্র ডাউনলোড করে PDF আকারে সংরক্ষণ করুন; ব্যাংক, RJSC, সাব-রেজিস্ট্রি বা স্কুলে এটাই চাওয়া হয়। প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলে PSR যাচাই করে কপি ফাইলে রাখুন।

সাম্প্রতিক পরিবর্তন

অর্থ (২০২৫–২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬: উপ-ধারা (৩) এর তালিকা প্রতিস্থাপিত, নাম ও TIN সহ সিস্টেম জেনারেটেড সনদের বিকল্প যোগ, উপ-ধারা (৬) ও (৯) বিলুপ্ত, আর জরিমানার শর্ত থেকে “সত্যতা যাচাইয়ে ব্যর্থতা” বাদ। অর্থ আইন, ২০২৬: পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডারের দফা শুধু নিবাসী করদাতার ক্ষেত্রে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী যোগ, তিন চাকার যান ও ১৫০ সিসি মোটরসাইকেলের দফা প্রতিস্থাপিত, আর শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন নবায়ন (দফা ৪০) যোগ।

বিশেষজ্ঞ বিশ্লেষণ

নীতি, প্রশাসন, আইন ও হিসাব, চার দিক থেকে

করবর্ষ ২০২৬–২৭ অনুযায়ী

নীতিগত উদ্দেশ্য: আইনটা কেন এমন

বড় আর্থিক বা নিয়ন্ত্রক লেনদেনের দরজায় রিটার্ন দাখিলকে শর্ত করে করজাল বাড়ানো। ২০২৫–২৬ এর সংশোধন প্রাথমিক বা ছোট ক্ষেত্রে শুধু TIN সনদ দিয়ে প্রবেশ সহজ করেছে, আর ধারা ১৬৬(২) এর অব্যাহতিপ্রাপ্তদের বাইরে রেখেছে।

কর কর্মকর্তার দৃষ্টিতে

জরিমানার আগে শুনানি বাধ্যতামূলক (উপ-ধারা ৮)। সংশোধনের পর জরিমানার ভিত্তি PSR দাখিল নিশ্চিত না করা; প্রমাণের “সত্যতা যাচাই” এর দায় আর জরিমানার শর্তে নেই।

আয়কর আইনজীবীর দৃষ্টিতে

দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির জরিমানা অনধিক ১০ লক্ষ টাকা, তাই ব্যাংক, সাব-রেজিস্ট্রার, সিটি কর্পোরেশন, স্কুল ইত্যাদির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণে PSR সংরক্ষণের রেকর্ড রাখা জরুরি। দফাগুলোর এলাকাভিত্তিক শর্ত (সিটি কর্পোরেশন, পৌরসভা, ক্যান্টনমেন্ট) আর অঙ্কের সীমা (২০ লক্ষ, ১০ লক্ষ, ৫ লক্ষ) মিলিয়ে প্রযোজ্যতা নির্ধারণ করুন।

হিসাবরক্ষক ও CA এর দৃষ্টিতে

যাচাইয়ের জন্য PSR এর নাম, TIN ও করবর্ষ মিলিয়ে দেখুন, আর সম্ভব হলে NBR এর অনলাইন যাচাই ব্যবস্থা ব্যবহার করুন।

কর পরিকল্পনার দৃষ্টিতে

রিটার্ন দাখিল বাধ্যতামূলক না এমন ব্যক্তি (ধারা ১৬৬(২)) PSR এর আওতামুক্ত হলেও, প্রতিষ্ঠান বাস্তবে PSR চাইতে পারে; সেই ক্ষেত্রে অব্যাহতির ভিত্তি লিখিতভাবে দেখানোর প্রস্তুতি রাখুন, বা ঝামেলা এড়াতে রিটার্ন দিন।

এই বিশ্লেষণ Unidara Associates এর শিক্ষামূলক ব্যাখ্যা, NBR এর দাপ্তরিক মত নয়। আপনার নির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্তের আগে পরামর্শ নিন।

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.